১২ বছরে সারাদেশে ৪৫০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত হয়েছে: ওবায়দুল কাদের

১২ বছরে সারাদেশে ৪৫০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত হয়েছে: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ১২ বছরে সারাদেশে প্রায় ৪৫০ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীত হয়েছে। আরো প্রায় ৪৫০ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীতকরণের কাজ চলছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোকর) সকালে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর খাতওয়ারি আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন। মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা পুরোপুরি এখনো আসেনি, এ বিষয়টি পরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিতে আসা জরুরি।

নিরাপদ সড়ক বাস্তবায়নের সাথে শুধু সড়ক ও সেতু মন্ত্রণালয় জড়িত নয়, বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থা জড়িত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পরিকল্পনা দলিলে নিরাপদ সড়ক নিশ্চিতে সবার অংশগ্রহণের বিষয়টি আনা যেতে পারে।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা এখন আমাদের বড় দুর্ভাবনা এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপদ সড়কের।

২০৩০ সালের মধ্যে ৬ টি মেট্রোরেল রুট নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, একটি রুটের কাজ এগিয়ে চলছে, ২টি রুটের ভৌত কাজ শিগগরিই শুরু হবে এবং বিআরটি প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে চলছে।

ওবায়দুল কাদের বলেন, মহানগরীতে পরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের জন্যও সমন্বয় জরুরি।

পদ্মাসেতুতে ইতিমধ্যে ৩৪টি স্প্যান বসানো সম্পূর্ণ হয়েছে, যা দৃশ্যমান এখন ৫.১ কিলোমিটার। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলেরও ২টি টিউবের মধ্যে ১টি টিউবের খনন কাজ শেষ হয়েছে। অপরদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ প্রায় ৫৬ ভাগ শেষ হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading