জিকে শামীমের মুদ্রা পাচার মামলায় অভিযোগ গঠন পেছাল

জিকে শামীমের মুদ্রা পাচার মামলায় অভিযোগ গঠন পেছাল

উত্তরদক্ষিণ | সোমবার, ০২ নভেম্বর, ২০২০ | আপডেট: ২০:১০

আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের সাত দেহরক্ষীকে কারাগার থেকে আদালতে হাজির না করায় মুদ্রা পাচার মামলায় অভিযোগ গঠন পিছিয়ে গেছে।

সোমবার (২ নভেম্বর) ঢাকার ১০ নম্বর বিশেষ জজ মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন হওয়ার কথা ছিল। কিন্তু কারা কর্তৃপক্ষ শামীম ছাড়া অন্য আসামিদের হাজির করতে না পারায় বিচারক অভিযোগ গঠন পিছিয়ে ১০ নভেম্বর নতুন তারিখ রাখেন।

এদিন শামীমের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি করেন তার আইনজীবী মো. তারিকুল ইসলাম তারেক এবং আব্দুল খালেক। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু।

শামীম ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

কেন ওই সাতজনকে কাশিমপুর কারাগার থেকে আনা হল না জানতে চাইলে এ আদালতের পেশকার শাহ আলম বলেন, “হাজতি পরোয়ানায় এ বিষয়ে কিছু লেখা নেই। তবে আমার মনে হয় আজ হেফাজতে ইসলামের কর্মসূচির করণে রাস্তাঘাট নিরাপদ নয় বলে কারা কর্তৃপক্ষ তাদের প্রিজন ভ্যানে করে আদালতে পাঠায়নি।”

গত ৫ অক্টোবর সিআইডির দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগ গঠনের শুনানির জন্য মামলাটি ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading