সৈকতে আটকা পড়া শতাধিক তিমি উদ্ধার শ্রীলঙ্কায়
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭
শ্রীলঙ্কার দক্ষিণপশ্চিম উপকূলের একটি সৈকতে আটকে পড়া শতাধিক তিমিকে উদ্ধার করে সমুদ্রে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। মঙ্গলবার বাহিনীটির মুখপাত্র ক্যাপ্টেন ইন্ডিকা ডি সিলভা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
“গত রাতে আমরা সবগুলোকে ফেরত পাঠিয়েছি, ১০০ থেকে ১২০টার মতো হবে,” বলেছেন তিনি। আটকে পড়া এ তিমিগুলোকে উদ্ধার ও কলম্বোর দক্ষিণে পানাদুরা সংলগ্ন সমুদ্রে ফেরত পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করতে আশপাশের গ্রামের বাসিন্দারা সেখানে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেওয়া কারফিউও অগ্রাহ্য করেছে।
উদ্ধার তৎপরতার মধ্যেই চারটি তিমি মারা গেছে বলে জানিয়েছেন ইন্ডিকা। উপুল রঞ্জিত নামের এক জেলে জানান, তিনি মাছ ধরার সময় হঠাৎই কালো দাগের মতো কিছু একটা দেখতে পান।
“প্রায় ১০০টির মতো (তিমি) তীরে উঠে আসে। কেন এটা হয়েছে বুঝতে পারছি না। এর আগে কখনোই এমন হয়নি। প্রথমবার এমনটা দেখেছি,” বলেন তিনি। তিমির অগভীর পানিতে আটকে পড়ার বিষয়টি বিজ্ঞানীদের কাছে এখনও রহস্যের।
সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া উপকূলে অগভীর পানিতে কয়েকশ তিমির মৃত্যু হয়েছিল। অস্ট্রেলিয়ায় একসঙ্গে এত তিমি আটকে পড়ার সবচেয়ে বড় ঘটনা ছিল সেটি।

