গ্রামীণ সার্ভিস বাংলাদেশের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান
উত্তরদক্ষিণ | বুধবার, ০৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১৫
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর জাল করে নিরাপত্তা প্রহরী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে একটি প্রতিষ্ঠান প্রতারণা করছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লি. নামের ওই প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লি. নামের একটি প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নামে এবং মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর জাল করে একটি মিথ্যা ও বানোয়াট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
“বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দুইজন সুপারভাইজার ও একজন সিকিউরিটি গার্ড ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে নিয়োগ করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লি.-কে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এ বিজ্ঞপ্তিটি প্রতারণার উদ্দেশ্যপ্রণোদিত।
“মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ ধরণের কোনো অনুমোদন কখনই কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। উল্লিখিত বিজ্ঞপ্তি একটি প্রতারক চক্র সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে প্রচার করেছে।”
বিষয়টি ইতোমধ্যেই মন্ত্রণালয়ের নজরে এসেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। “এ ধরনের সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও প্রতারণাপূর্ণ বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে এবং উক্ত প্রতারণার ফাঁদে না পড়তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অনুরোধ জানানো হয়েছে।”

