শীর্ষে থেকেই র‍্যাঙ্কিংয়ে ফিরলেন সাকিব

শীর্ষে থেকেই র‍্যাঙ্কিংয়ে ফিরলেন সাকিব

উত্তরদক্ষিণ | বুধবার, ০৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭:০৫

নিষিদ্ধ হওয়ার সময় আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম র‍্যাঙ্কিং হালনাগাদেই তিনি ফিরে পেলেন জায়গা। আবারও ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার এখন সাকিব। পাকিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শেষে বুধবার (৪ নভেম্বর) ওয়ানডের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আছেন শীর্ষে।

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েও সংশ্লিস্ট কতৃপক্ষকে না জানানায় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। র‍্যাঙ্কিংয়ের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার এক বছর বা তার বেশি সময় নিষিদ্ধ হলে র‍্যাঙ্কিংয়ের বাইরে রাখা হয় তাকে। তিন সংস্করণেই র‍্যাঙ্কিং থেকে তাই কাটা পড়ে সাকিবের নাম।

ওয়ানডেতে সাকিবের জায়গায় শীর্ষে উঠে যান তখন মোহাম্মদ নবি। এখন সাকিবকে ফের জায়গা দিয়ে এই আফগান অলরাউন্ডার নেমে গেছেন দুইয়ে। রেটিং পয়েন্টে সাকিবেরে চেয়ে অনেকটা পেছনে তিনি (৩০১)। সাকিবের নিষেধাজ্ঞার এই সময়টায় অবশ্য কেবল তিনটি ওয়ানডে ম্যাচই খেলেছে আফগানিস্তান। সেটিও গত বছরের নভেম্বরে।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সাকিব যৌথভাবে ২১তম স্থানে তামিম ইকবালের সঙ্গে। ১৬তম স্থানে থেকে এখন বাংলাদেশের সবার ওপরে মুশফিকুর রহিম। বোলারদের র‍্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান ২৮। এখানে বাংলাদেশের সবার ওপরে মেহেদী হাসান মিরাজ (১৪তম)। এছাড়াও মুস্তাফিজুর রহমান আছেন ১৯তম স্থানে।

নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর টেস্ট ও টি-টোয়েন্টির পরবর্তী হালনাগাদে এই দুই সংস্করণেও র‍্যাঙ্কিংয়ে ফিরবেন সাকিব। র‍্যাঙ্কিংয়ের এই হালনাগাদে ব্যাটিং ও বোলিংয়ের সেরা জায়গাগুলোতে নেই কোনো বদল। উল্লেখযোগ্য পরিবর্তন বলতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট শিকারি শাহিন শাহ আফ্রিদি ক্যারিয়ারে প্রথমবারের মতো ঢুকেছেন সেরা বিশে। ৮ ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ১৬তম স্থানে তরুণ এই বাঁহাতি পেসার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading