বুমরাহর মুখোমুখি হতে ‘নারাজ’ লারা

বুমরাহর মুখোমুখি হতে ‘নারাজ’ লারা

উত্তরদক্ষিণ | শনিবার, ০৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ২০:৩৩

ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। বোলারদের জন্য ছিলেন দুঃস্বপ্ন। সেই ব্রায়ান লারা মুগ্ধ জাসপ্রিত বুমরাহর বোলিংয়ে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং কিংবদন্তি জানিয়েছেন, বুমরাহর চেয়ে কপিল দেব, জাভগাল শ্রীনাথদের মুখোমুখি হতে পছন্দ করতেন তিনি।

ক্রিকেটের সব সংস্করণে দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন বুমরাহ। জাতীয় দলের বোলিং আক্রমণের বড় অস্ত্র তিনি। স্রেফ ১২ টেস্ট খেলেই বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠেছিলেন ভারতীয় এই পেসার। ১৪ টেস্ট পরে অবশ্য এখন আছেন নয়ে। ওয়ানডেতে আছেন দুই নম্বরে। টি-টোয়েন্টিতে কিছুটা পিছিয়ে থাকলেও পারফরম্যান্স করছেন দাপটের সঙ্গে।

চলমান আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই পেসার। ১৪ ম্যাচে ১৩.৯২ গড় ও ৬.৭১ ইকোনমিতে ২৭ উইকেট রয়েছে তার নামের পাশে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি, ১৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দারুণ ফর্মে থাকা বুমরাহর মুখোমুখি না হওয়ার কথা ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান লারা।

“আমার মনে হয়, বুমরাহর চেয়ে কপিল দেব, জাভগাল শ্রীনাথ ও মনোজ প্রভাকরদের মুখোমুখি হতে পছন্দ করতাম (হাসি)। তবে চ্যালেঞ্জটি ব্যতিক্রমী হতো। আমাদের সময় মাখায়া এনটিনি ছিল, যার ডেলিভারির অ্যাঙ্গেল (বুমরাহর মতো) একই ছিল। তাই আমি খেলেছি এমন বোলারদের সঙ্গে কিছু তুলনা করা যেতে পারে। তবে জানি, আমি পিছপা হতাম না।”

বুমরাহর সঙ্গে ইংলিশ পেসার জফ্রা আর্চারও মুগ্ধ করেছে লারাকে। ক্যারিবিয়ান কিংবদন্তির মতে, ক্রিকেটের যেকোনো যুগের সেরা বোলারদের কাতারে থাকতে পারবেন এই দুইজন।

“বুমরাহ ও আর্চার যেকোনো ক্রিকেট যুগের সেরা বোলারদের কাতারে থাকতে পারবে। তারা যেখানেই খেলত, একবিংশ, নব্বই, আশি বা সত্তরের দশকে; সেরাদের কাতারে থাকত। আর আমি অতীতের কাউকে ছোট করছি না। তবে আমি দেখেছি, খেলেছি বা এখনও দেখছি; এমন যেকোনো যুগের সেরা ফাস্ট বোলারদের দলে থাকবে তারা।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading