নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৩৪২, নিখোঁজ ৪৯০০

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৩৪২, নিখোঁজ ৪৯০০

উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১২:৫০

নেপালের ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ৯০০ মানুষ। নিখোঁজদের সন্ধানে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় বন্যাকবলিত এলাকায় ৭ হাজার ৯০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৫টা পর্যন্ত বন্যায় সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ানে ৩৬০টি। এছাড়া পশ্চিম নওয়ালপরাসিতে ২৩০, পূর্ব নওয়ালপরাসিতে ২২২, নুয়াকোটে ১৯২, রাসুয়ায় ১৬০, গোর্খায় ৭৩, ধাদিঙে ৬৭ এবং তানাহুনে ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্ত করতে ব্যাপকভাবে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ২৩২টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৬০টি মৃত ব্যক্তির কাছ থেকে এবং ৯৭২টি নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে নেয়া হয়েছে।

পুলিশ প্রয়োজনীয় শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করে ১ হাজার ৩০টি মরদেহ সংরক্ষণ ও সাময়িকভাবে দাফন করেছে। এসব মরদেহের মধ্যে ২২২ জন নারী, ৩৫৫ জন পুরুষ এবং ৪৫৩টি অশনাক্ত মরদেহ রয়েছে।

নিখোঁজ স্বজনদের শনাক্ত করতে সহায়তার জন্য নেপাল পুলিশের ওয়েবসাইটে ১ হাজার ২৭০টি অশনাক্ত মরদেহের তথ্য ও প্রোফাইল প্রকাশ করা হয়েছে।

বন্যা-পরবর্তী উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, মরদেহ ব্যবস্থাপনা এবং সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের কাজে মোট ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

এদিকে এখনও নিখোঁজ ৪ হাজার ৮৯৮ জনের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বন্যায় বাস্তুচ্যুত ৩ হাজার ৬৫৫ জনকে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। সূত্র: নেপাল নিউজ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading