বিশ্বব্যাপী করোনাক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়ালো
উত্তরদক্ষিণ | সোমবার, ০৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫০
সোমবার (০৯ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ৪৮৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতি এই ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩ লাখ ২৫ হাজার ৭২ জনে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এ কথা জানা গেছে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।নির্বাচনের পর গত চার দিন ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। শনিবার শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৩০ হাজার।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ৯৯ লাখ ৬১ হাজার ৩২৪ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৩৭ হাজার ৫৬৬জন মৃত্যুবরণ করেছেন।
যুক্তরাষ্ট্রের পর ক্ষতিগ্রস্তের তালিকায় পর্যায়ক্রমে শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়ায় মোট আক্রান্ত ৮৫ লাখ ৭ হাজার ৭৫৪জন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ১২১ জন।
মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৬ লাখ ৫৩ হাজার ৫৬১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬৯ জনের।

