শিয়ালের কামড়ে সখীপুরের একই গ্রামে ৭ জন আহত
উত্তরদক্ষিণ | সোমবার, ০৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৩৪
পাগলা শিয়ালের কামড়ে টাঙ্গাইলের সখীপুরে চার বৃদ্ধসহ একই গ্রামের সাতজন আহত হয়েছেন। রবিবার (০৮ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, দক্ষিণ কচুয়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মকবুল হোসেন (৮০), মৃত বাহাদুর মিয়ার ছেলে শামসুল হক (৭০), লতিফ মিয়ার ছেলে আবদুল বাছেদ (৭০), মহসিন মাস্টারের স্ত্রী আছিয়া বেগম (৬৫) তার মেয়ে শান্তনা আক্তার (৪০), জাফর আহমেদের মেয়ে হাওয়া বেগম (৪৫) এবং জোয়াহের আলীর ছেলে শাহজালাল (৪৫)।
আহতদের মধ্যে বৃদ্ধ মকবুল হোসেন এবং হাওয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৫ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলার কালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য মো. বাদল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পুরো উপজেলায় এখন শিয়াল আতঙ্ক বিরাজ করছে।
এ নিয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম বলেন, আহতদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মকবুল হোসেন এবং হাওয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

