যুদ্ধাপরাধের মামলার ২ আসামির শর্তসাপেক্ষে জামিন

যুদ্ধাপরাধের মামলার ২ আসামির শর্তসাপেক্ষে জামিন

উত্তরদক্ষিণ | সোমবার, ০৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৫

অসুস্থতার কারণে মানবতাবিরোধী অপরাধের মামলায় নড়াইল ও ঝিনাইদহের দুই আসামিকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ সোমবার (৯ নভেম্বর) এ আদেশ দেয়।

আসামি দুজন হলেন- নড়াইলে লোহাগড়ার নওয়াগ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখ ও ঝিনাইদহের হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ। দাউদ শেখের মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আর আব্দুর রশিদের মামলাটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে।

আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান দাউদ শেখের পক্ষে আদালতে শুনানি করেন আর আব্দুর রশিদের পক্ষে শুনানি করেন গাজী এমএইচ তামিম। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা বলেন, “অসুস্থতার কারণে দুই আসামির শর্তসাপেক্ষে জামিন দিয়েছে ট্রাইব্যুনাল। তবে নিজ খরচে তাদের চিকিৎসা নিতে হবে।” দুই আসামিকেই ঢাকায় নির্দিষ্ট ঠিকানায় ছেলে ও আইনজীবীর জিম্মায় থাকতে হবে বলে শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

এছাড়া দুই আসামি বা তাদের পরিবারের কেউ মামলা নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারবেন না, পাসপোর্ট থাকলে তা ট্রাইব্যুনালে জমা দিতে হবে এবং নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে। দাউদ শেখের আইনজীবী বলেন, মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। ২ ডিসেম্বর এ মামলার তারিখ রয়েছে। আব্দুর রশিদের বিরুদ্ধে মামলার শুনানি ১৫ ডিসেম্বর নির্ধারিত রয়েছে বলে তারা আইনজীবী গাজী এমএইচ তামিম জানান।

মুক্তিযুদ্ধের সময় আটক, অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগে ঝিনাইদহের হলিধানী ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রশিদ মিয়াসহ তিনজনের বিরুদ্ধে গত বছর ২৯ নভেম্বর তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সেদিনই তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেন তদন্ত কর্মকর্তা। যাচাই-বাছাইয়ের পর এখন মামলাটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। ২০১৭ সালের ২৭ জুলাই দাউদ শেখসহ যশোর ও নড়াইলের ১২ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading