পূর্বাচলে হবে বিশ্বমানের প্যাক হাউস ও অ্যাক্রেডিটেশন ল্যাব: কৃষিমন্ত্রী
উত্তরদক্ষিণ | বুধবার, ১১ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:১৮
কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য পূর্বাচলে বিশ্বমানের সর্বাধুনিক প্যাক হাউস ও অ্যাক্রেডিটেশন ল্যাব তৈরি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক প্যাক হাউস স্থাপনের জন্য পূর্বাচলে ২ একর জমি কৃষি মন্ত্রণালয়কে দিয়েছেন। সেখানে কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতে বিশ্বমানের সর্বাধুনিক প্যাক হাউজ এবং অ্যাক্রেডিটেশন ল্যাবরেটরি স্থাপন করা হবে।’
প্যাক হাউস নির্মাণের জন্য দ্রুত উদ্যোগ ও প্রকল্প গ্রহণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এটি নির্মিত হলে ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিদেশে এ দেশের ফলমূল ও শাকসবজি রপ্তানি বহুগুণ বাড়বে এবং কৃষি দেশের সার্বিক অর্থনীতিতে বিরাট অবদান রাখতে সক্ষম হবে।
প্যাক হাউজ এবং অ্যাক্রেডিটেশন ল্যাব বিষয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (হর্টেক্স) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কৃষি যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকরণের দিকে যাচ্ছে। কৃষি অবশ্যই আধুনিক হবে। সেজন্য, একই সাথে কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার বাড়াতে হবে। এ ক্ষেত্রে অন্তরায় হলো প্যাকেজিং এবং নিরাপদ খাদ্য হিসেবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সার্টিফিকেটের অভাব। পূর্বাচলে প্যাক হাউস ও ল্যাব স্থাপিত হলে এসব অন্তরায় দূর হবে। এছাড়া, বিমানবন্দরের কাছে হওয়ায় পণ্য পরিবহন সহজতর হবে।’ -ইউএনবি

