নৌপথে যাত্রীসেবায় বেসরকারি উদ্যোক্তাদের স্বাগত জানানো হবে: প্রতিমন্ত্রী

নৌপথে যাত্রীসেবায় বেসরকারি উদ্যোক্তাদের স্বাগত জানানো হবে: প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ | বুধবার, ১১ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:০৫

নৌপথে যাত্রীসেবায় বেসরকারি উদ্যোক্তাদের স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘সরকার ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে আধুনিক ও নান্দনিক জলযান নামানোর চিন্তা করছে। এ খাতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগকে স্বাগত জানানো হবে।’

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর সদরঘাটে ওয়াটার বাস সার্ভিস পরিচালনা ও যাত্রীসেবা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘কারও জীবিকার ওপর হাত দিতে চাই না, জীবনটা নিরাপদ করতে চাই। যাত্রীসেবা দিতে বেসরকারি উদ্যোক্তারা এখানে কোনো ধরনের বিনিয়োগ করতে চাইলে সেটাকে আমরা স্বাগত জানাব।’

তিনি বলেন, ‘এখন শুধু জীবন ও জীবিকার জন্য এ নদীপথ ব্যবহার হচ্ছে। এর সাথে বিনোদনের জন্য এ নদীকে কাজে লাগাতে চাই। এ জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যাত্রীসেবাগুলো আরও আপগ্রেড করার জন্য চেষ্টা করছি। এ জন্য বেসরকারি বিনিয়োগকারীদের আমরা উৎসাহিত করছি। আমরা চাই সব ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকারীরা এগিয়ে আসুক।’

‘বেসরকারি উদ্যোগের জন্য আজ যাত্রীসেবায় অনেক বিলাসবহুল জাহাজ এসেছে। আমরা চাই বাংলাদেশের বেসরকারি পর্যায়ের বিনিয়োগ আরও বিস্তৃতি লাভ করুক। সেজন্য সরকার তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেবে,’ বলেন খালিদ মাহমুদ।

প্রতিমন্ত্রী বলেন, ‘যাত্রী পারাপার নিরাপদ করতে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা। এ সচেতনতামূলক কাজগুলো আগে খুব দুর্বলভাবে হয়েছে সে কারণে অনেক ধরনের ঘটনা ঘটেছে। আমরা সেজন্য বিআইডব্লিউটিএ’র মাধ্যমে মূল বন্দরের দু’পাশ থেকে ওয়াটার বাস চালু করেছি। যেগুলো আগে ঢাকার চারপাশের নৌরুটে চলত। এ জন্য এখানে যারা ডিঙ্গি নৌকা চালায় তাদের সাথে কথা বলেছি। তাদের এ বিষয়ে সম্মতি রয়েছে। পাশাপাশি যাত্রী সাধারণেরও ভালো সাড়া পাচ্ছি।’ -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading