প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধা

প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধা

উত্তরদক্ষিণ | বুধবার, ১১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:২০

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে ৩২ নম্বরে যুবলীগ চেয়ারম‌্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ অন্যান্য নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ‘৭৫ এর ১৫ আগস্ট নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন যুবলীগ চেয়ারম‌্যান।

কর্মসূচিতে যুবলীগ নেতাদের মধ‌্যে অ‌্যাডভোকেট বেলাল হোসেন, অ‌্যাডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহিন, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, জহিরউদ্দিন খসরু, সাজ্জাদ হায়দার লিটন, সুভাষ হালদার, ফারুক হাছান তুহিন, এনআই আহমেদ সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশ-বিদেশের প্রতিটি ইউনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের প্রতিটি ইউনিট বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে। এছাড়াও দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।

বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এ সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading