করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ কোচ জেমি ডে

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ কোচ জেমি ডে

উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৫৫

নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে বড় এক ধাক্কা খেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের কোচ জেমি ডে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গত শনিবার (১৪ নভেম্বর) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন জেমি ডে। রবিবার (১৫ নভেম্বর) তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খান।

“গতকাল শনিবার তার পরীক্ষা করা হয়েছিল। আজ রবিবার সকালে রিপোর্ট এসেছে কোভিড-১৯ পজিটিভ। কোচকে আইসোলেশনে রাখা হয়েছে। এখন যে পরিস্থিতি, যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হতেই পারে। তবে আমরা চেষ্টা করছি তাকে আরেকবার পরীক্ষা করাতে।”

দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে দুই দলের খেলোয়াড়দেরও পরীক্ষা করা হয়েছিল। তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বাফুফে। কোচ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আজ রবিবার সকালের অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বেলা ৩টায় দল অনুশীলন করবে বলে জানিয়েছে তারা।

গত শনিবার প্রথম প্রীতি ম্যাচে নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের গোলে নেপালকে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় প্রীতি ম্যাচ।

আগামী ১৯ নভেম্বর কাতার যাবে বাংলাদেশ। আগামী ৪ ডিসেম্বর সেখানে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের বিপক্ষে খেলবে দল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading