খাগড়াছড়িতে ‘ব্যাটারি চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত!
উত্তরদক্ষিণ | বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৪৬
টমটমের ‘ব্যাটারি চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে মো. খোরশেদ আলম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে মানিকছড়ির তিনটহরী বাজারের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. খোরশেদ আলম ওই গ্রামের মো. আনু মিয়ার ছেলে।
জানা যায়, মানিকছড়ির তিনটহরি বাজারের পূর্ব পাশে মো. জহিরুল ইসলামের বাড়িতে ব্যাটারিচালিত টমটমের ব্যাটারি চার্জ দেয়া হতো। খোরশেদ আলম ঘটনার সময় ব্যাটারি চার্জ দেয়ার ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি বিদ্যুতের মেইন সুইচ অফ না করে ব্যাটারি স্পর্শ করেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে ওই ঘরে ঢুকেছিলেন খোরশেদ।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

