যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য করোনার টিকা দিতে শুরু করবে ডিসেম্বরে
উত্তরদক্ষিণ | সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৪৪
যুক্তরাষ্ট্রে ১১ ডিসেম্বর থেকে করোনাভাইরাসের টিকা প্রদান শুরু হতে পারে। দেশটির কোভিড-১৯ টিকা কর্মসূচির প্রধান ড. মনসেফ স্লায়ুই রবিবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের আগেই ফাইজার ও বায়োএনটেকের টিকার অনুমোদন দিতে পারে যুক্তরাজ্য। এ জন্য আগামী ১ ডিসেম্বরের মধ্যেই ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) প্রস্তুত থাকতে বলা হয়েছে।
ড. মনসেফ বলেন, টিকা অনুমোদিত হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রদানের স্থানে পাঠানোর পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের করোনার সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতির মধ্যেই এ খবর জানালেন তিনি।
ইতিমধ্যে দেশটি চার কোটি ডোজ টিকার ফরমাশ দিয়েছে। তবে এ বছরে এক কোটি ডোজ টিকা পাওয়ার আশা করছে, যা দেশটির ৫০ লাখ মানুষের সুরক্ষায় যথেষ্ট বলে মনে করা হচ্ছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ গতকাল বলেছেন, জানুয়ারি মাস থেকে ব্যাপক টিকাদান কর্মসূচি পরিচালনা করবে তাঁর স্পেন। তিন মাসের মধ্যে দেশটির মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশের জন্য টিকা নিশ্চিত করা হবে।
পেড্রো বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রথম দেশ হিসেবে স্পেন ও জার্মানির সম্পূর্ণ টিকাদান কর্মসূচির পরিকল্পনা নেওয়া আছে। স্পেনে আগামী জানুয়ারি মাসে টিকা দেওয়ার জন্য ১৩ হাজার টিকাদান কেন্দ্র প্রস্তুত আছে।
জার্মানিও আগামী মাসে কোভিড-১৯ টিকা দেওয়া শুরু করতে পারে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।
তিনি বলেছেন, ‘এই বছর ইউরোপে একটি টিকার অনুমোদন হবে বলে আশা রয়েছে।’
স্প্যান বলেছেন, তাঁরা যে টিকার ফরমাশ দিয়ে রেখেছেন, তা প্রয়োজনের চেয়ে বেশি। দরকার পড়লে অন্য দেশের সঙ্গে ভাগাভাগিও করা যাবে।
তিনি জার্মান সরকারকে টিকা দেওয়ার প্রস্তুতি হিসেবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখার কথা বলেছেন। দেশটি বিভিন্ন চুক্তি করে ৩০ কোটি ডোজের বেশি টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রেখেছে।

