কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে গরু ব্যবসায়ী আটক
উত্তরদক্ষিণ। সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ । আপডেট: ১৩:৪৭
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তে জহুরুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাঁচারকালে ভারতীয় দিঘলটারী ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে।
আটক জহুরুল ইসলাম উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত নুরুল ইসলাম মেম্বারের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে আটক জহুরুল ইসলামের সঙ্গীরা জানায়, রবিবার দিবাগত রাতে দক্ষিণ বঁশজানী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫/৯ এস এর কাছ দিয়ে জহুরুল ইসলামসহ সাত থেকে আটজন গরু পাঁচারকারী ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে রাত দুইটার দিকে ভারত থেকে গরু আনার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। এতে অন্যরা পালিয়ে যেত সক্ষম হলেও গরু ব্যবসায়ী জহুরুল ইসলামকে (৫০) আটক করে বিএসএফ।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন দৈনিক অধিকারকে বিএসএফের হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশের অভ্যন্তর থেকে কাউকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। গরু আনতে গিয়ে জহুরুল ইসলাম ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সেখান থেকে বিএসএফ তাকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি।

