মহাখালীর সাততলা বস্তিতে আগুন: পুড়ল ১০০ ঘর ও দোকান
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৫৫
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে সোমবার (২৩ নভেম্বর) রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ১০০ ছোট ঘর ও দোকান।
ফায়ার সার্ভিস সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিভান জানান, রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা নিয়ন্ত্রণে আসে ১২টা ৫৫ মিনিটের দিকে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় রাত ২টা ৫৫ মিনিটের দিকে। কিন্তু তার মধ্যেই কমপক্ষে ৯৮টি আধা-পাকা বস্তি ঘর ও ছোট দোকান পুড়ে যায়।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।
আগুনে পোড়ার সময় ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় যে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে আছে এবং স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস কর্মীরা এখানে-সেখানে আগুন নেভাতে কাজ করছেন।

