বাইডেনের মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের নাম ঘোষণা
উত্তরদক্ষিণ|মঙ্গবার, ২৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৫৫
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নিজের আসন্ন মন্ত্রিসভার শীর্ষস্থানীয় সদস্যদের নাম ঘোষণা করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের একাধিক কর্মকর্তা রয়েছেন।
নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওবামা আমলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। জ্যাক সুলিভান পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব। অ্যান্টনি ব্লিঙ্কেন ও সুলিভান উভয়েই ২০১৫ সালে জন কেরির নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা হিসেবে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করে বাইডেন বলেন, ‘আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই যারা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন। যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহৎ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি।’
নির্বাচনের আগেই ক্ষমতায় এলে প্রথম দিনই প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছিলেন বাইডেন। ট্রাম্প প্রশাসন এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে নিলেও এ ইস্যুতে বরাবরই সরব ডেমোক্র্যাট শিবির। সোমবার (২৪ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নাম ঘোষণা করা হয়েছে। ওবামা আমলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
নবনির্বাচিত প্রেসিডেন্টের নতুন মন্ত্রিসভার অপর তিন সদস্য হলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দার মায়োরকাস, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক অ্যাভরিল হাইনেস।
এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে বিদায়ী ও আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজটি করে থাকে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)। তারাই পুরনো প্রশাসনের কাছ থেকে নুতন প্রশাসনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কাজটি করে থাকে। জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) জানিয়েছে, তারা বাইডেনকে ‘আপাত বিজয়ী’ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। সূত্র: এক্সিওস, আল জাজিরা।

