বাইডেনকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট

বাইডেনকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:১০

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (২৬ নভেম্বর) টেলিগ্রামে জিনপিং তাঁর শুভেচ্ছা বার্তা পাঠান। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা শিনহুয়ার বুধবারের (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

বাইডেনকে পাঠানো অভিনন্দন বার্তায় জিনপিং আশা প্রকাশ করেছেন, দুই দেশ যেন আর কোনও সংঘাত বা সংঘর্ষে না যায়। পারস্পরিক সম্মান ও সহযোগিতার মধ্যে দিয়ে বিশ্ব শান্তি ও উন্নয়নের মহৎ উদ্দেশ্যে অগ্রসর হওয়ার জন্য বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, দু’দেশের সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল বিকাশ তাদের নাগরিকদের মৌলিক অধিকারের সঙ্গে জড়িত বলেও জানান তিনি। জিনপিং ছাড়াও চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশানও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন জো বাইডেন ও কমলা হ্যারিসের উদ্দেশ্য।

বাণিজ্য ও প্রযুক্তিগত বিরোধ থেকে শুরু করে হংকং কিংবা মহামারি করোনাসহ নানা ইস্যুতে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনামলে মার্কিন-চীন সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে।

বাণিজ্য থেকে শুরু করে মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রভৃতি নানা বিষয়ের সংঘাতের সঙ্গে তালিকায় যুক্ত হয়েছিল করোনা মহামারি। ওয়াশিংটন বারবার চীনকে দায়ী করেছে সারা বিশ্বে করোনা ছড়ানোর জন্য। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত বহুবার করোনা ভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলে কটাক্ষ করেছেন ।

ক্ষমতা হস্তান্তরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে ট্রাম্প সম্মত হওয়ার একদিন পরই জিনপিং অভিনন্দন বার্তা দিলেন। অথচ ২০১৬ সালে নির্বাচনের ছয় দিনের মাথায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading