পদত্যাগ করবেন না জিদান
উত্তরদক্ষিণ | বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩০
পিছিয়ে পড়েছে লা লিগায়। সময়টা বাজে যাচ্ছে রিয়াল মাদ্রিদের। শাখতার দোনেৎস্কের বিপক্ষে আবার হারার পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে দলটির সামনে। তবুও অবিচল জিনেদিন জিদান। ইউরোপের সফলতম দলটির কোচ জানালেন, পরিস্থিতি যত কঠিনই হোক হাল ছাড়বেন না, চালিয়ে যাবেন লড়াই।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৬ ম্যাচে রিয়ালের জয় মাত্র একটি। লা লিগায় সবশেষ তিন ম্যাচে অর্জন শূন্য। দেওয়ালে পিঠ প্রায় ঠেকে যাওয়া দলটিকে সবশেষ জোরালো ধাক্কাটি দিল শাখতার। ঘরের মাঠে ২-০ ব্যবধানে জিতে রিয়ালকে ফেলে দিল বিপদে।
এর আগে ঘরের মাঠে শাখতারের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল রিয়াল। এবার ইউক্রেনেও হারায় কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
ফলে চাপ ক্রমেই বাড়ছে জিদানের ওপর। রিয়ালকে তিনবার ইউরোপের ক্লাব সেরার শিরোপা জেতানো এই কোচ সেটা ভালোভাবেই বুঝতে পারছেন।
শাখতারের বিপক্ষে হারের পর স্পষ্ট করেই জানিয়েছেন, এসব ধাক্কা সামাল দিয়ে কেবল সামনের দিকে এগোনোর কথাই ভাবছেন তিনি।
জিদান বলেন, “আমি পদত্যাগ করব না। আমরা কাজ চালিয়ে যাব।”
তিনি বলেন, “প্রথমার্ধে আমরা বেশ ভালো খেলেছি। যদি আমরা প্রথম গোলটা করতে পারতাম, খেলার চিত্রটা বদলে যেতে পারত। প্রথম গোলটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল, কারণ আমরা ভালো খেলছিলাম।”
“আমরা দুই-তিনটি ভালো সুযোগ পেয়েছিলাম। একটা শট পোস্টে লেগেছে। বল স্রেফ জালে গেল না। বেশ জটিল অবস্থা।”

