সংযুক্ত আরব আমিরাতে হামলার হুমকি দিয়েছে ইরান
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:২৬
আমেরিকা ইরানে হামলা করলে তার পাল্টা ব্যবস্থা হিসেবে আমিরাতে হামলা চালাবে তেহরান। আমিরাতের উচ্চ পর্যায়ের একটি সূত্র সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-কে এ তথ্য জানিয়েছে।
আবু ধাবির যুবরাজ ও আমিরাতের ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন জায়েদ (এমবিজেড)-এর সঙ্গে সরাসরি যোগাযোগ করে এ ব্যাপারে নিজ দেশের অবস্থান জানিয়ে দিয়েছে তেহরান। গত সপ্তাহেই এমবিজেড-এর সঙ্গে ইরানি কর্তৃপক্ষের এ যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
দেশের পারমাণবিক কর্মসূচির স্থপতি মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের পর থেকেই উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরান। এর মধ্যেই ইরাক-সিরিয়া সীমান্তে বিমান হামলা চালিয়ে দেশটির একজন কমান্ডারকে হত্যা করা হয়।
ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আমেরিকার প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফাখরিজাদে হত্যাকাণ্ডের পর এবার মার্কিন হামলার আশঙ্কা করছে ইরান। দেশটির শঙ্কা, ২০ জানুয়ারি মেয়াদ শেষের আগেই ট্রাম্প প্রশাসন ইরানে হামলা চালাতে পারে।
সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, ‘ইরানের কাছ থেকে সরাসরি হুমকি পেয়েছেন এমবিজেড। এক্ষেত্রে কোনও প্রক্সি ব্যাবহার করা হয়নি।’
ইরান এমবিজেড-কে সাফ জানিয়ে দিয়েছে, ‘ফখরিজাদে হত্যাকাণ্ডের জন্য আমরা আপনাকেই দায়ী করবো।’
ইরান থেকে আমিরাতরে দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার। দীর্ঘদিনের অবস্থানের বদল ঘটিয়ে ২০২০ সালের সেপ্টেম্বরে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমিরাত। এ ঘটনায় ক্ষুব্ধ হয় তুরস্ক ও ইরানের মতো দেশগুলো। দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের জন্যও ইসরায়েলকে দায়ী করে তেহরান।

