‘ফোর্বসে’র চোখে সেরা ২০০ প্রতিষ্ঠানের তালিকায় দেশের ৩ কোম্পানী
উত্তরদক্ষিণ | সোমবার, ০৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৫০
আমেরিকা থেকে প্রকাশিত বিশ্বখ্যাত ব্যবসা-বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ‘ফোর্বস’ এশিয়ার সেরা ২০০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় বাংলাদেশের ৩টি কোম্পানী যথাক্রমে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনাটা ফার্মাসিউটিক্যাল ও ফরচুন শুজ স্থান পেয়েছে।
তালিকার ২০০ কোম্পানীর মধ্যে চীনা প্রতিষ্ঠানগুলোর প্রাধান্য রয়েছে। সেখানে ২৩টি চীনা কোম্পানি স্থান পেয়েছে। এ ছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, তাইওয়ান ও ইন্দোনেশিয়ার বেশ কিছু কোম্পানি তালিকায় স্থান পেয়েছে। ইন্ডিয়ার মোট ২০টি ও পাকিস্তানের ২টি কোম্পানি স্থান পেয়েছে।
সম্প্রতি প্রকাশিত ফোর্বসের বিশেষ সংখ্যায় এ তালিকায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেইসব ২০০ পাবলিক কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের বাৎসরিক পণ্য বিক্রির মূল্য ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের (৮ হাজার ৫০০ কোটি বাংলাদেশি টাকার) নিচে। তালিকাভুক্ত কোম্পানীগুলোর ‘ব্যতিক্রমধর্মী করপোরেট পারফরম্যান্সের রেকর্ড’ আছে বলে পত্রিকাটিতে বলা হয়েছে।
বাংলাদেশি তিন কোম্পানীর মধ্যে সর্বপ্রথমে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। স্কয়ারের বার্ষিক বিক্রির পরিমাণ ৫১ কোটি ২০ লাখ ডলার। তাদের নিট আয় ১৫ কোটি ডলার। কর্মীর সংখ্যা ৯ হাজার ২৩৪।
এরপর আছে রেনাটা ফার্মাসিউটিক্যাল যার বাৎসরিক বিক্রির পরিমাণ ২৭ কোটি ১০ লাখ ডলার। নিট আয় সাড়ে চার কোটি ডলার। কর্মীসংখ্যা ৭ হাজার ৩২৪।
তৃতীয় বাংলাদেশি কোম্পানী হচ্ছে ফরচুন শুজ। এই প্রতিষ্ঠানটির বাৎসরিক বিক্রির পরিমাণ ১ কোটি ৮০ লাখ ডলার। তাদের নিট আয় ৩০ লাখ ডলার। কর্মীসংখ্যা ১ হাজার ৭২৩।

