স্যাটেলাইটের সাহায্যে পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয় : ইরান
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:২০
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে নেওয়া হয়েছে। স্যাটেলাইট নিয়ন্ত্রিত একটি মেশিন গান ব্যবহার করা হয়েছে বলে রোববার (৭ ডিসেম্বর) দেশটির বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান। খবর এএফপি’র।
রিয়ার-অ্যাডমিরাল আলী ফাদাভি বলেন, মোহসেন ফখরিজাদে গত ২৭ সেপ্টেম্বর ১১ গার্ডের নিরাপত্তা বহর নিয়ে ইরানের রাজধানী তেহরানের পাশের একটি মহাসড়ক হয়ে যাওয়ার সময় ওই মেশিন গান তার মুখের ওপর জুম করে রাখা হয় এবং মেশিন গানে তার মুখের ছবি আসা মাত্র ১৩টি গুলি করা হয়।
ফাদাভির উদ্ধৃতি দিয়ে মেহর নিউজ এজেন্সি জানায়, মেশিন গানটি একটি নিশান পিক-আপের ওপর রাখা হয়েছিল। মেশিন গানটিতে কেবল মাত্র শহীদ ফখরিজাদে’র মুখ মন্ডল ফোকাস করা ছিল। ঘটনার বিশ্লেষণে দেখা যায় ওই পথে মাত্র ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি) দূরে তার স্ত্রী থাকলেও তিনি গুলিবিদ্ধ হননি।
তিনি আরো বলেন, এটি স্যাটেলাইটের সাহায্যে অনলাইনে নিয়ন্ত্রণ করা হচ্ছিল এবং ওই লক্ষ্য নিশ্চিত করতে এতে একটি অ্যাডভান্স ক্যামেরা ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়।
ইরান কর্তৃপক্ষ এই হত্যার জন্য ইসরাইল এবং নির্বাসিত বিরোধী গ্রুপ পিপলস মুজাহেদীন অব ইরান’কে (এমইকে) দায়ী করেছে।
এর আগে রাষ্ট্র পরিচালিত প্রেস টিভিতে বলা হয়েছিল, ঘটনাস্থলে ‘ইসরাইলের তৈরি’ অস্ত্র পাওয়া গেছে।

