দেশে করোনায় আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ১৮৬১
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:১১
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৯৬৭ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬১ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জনে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৪০ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৬০০ এবং পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৬৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৯ লাখ ২৭ হাজার ৯২৯টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৬০ শতাংশ।
নতুন যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ এবং নারী ৯ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ হাজার ৩২৬ জন বা ৭৬ দশমিক ৪৫ শতাংশ এবং নারী ১ হাজার ৬৪১ জন বা ২৩ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৪৮৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১০ হাজার ৪৫২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমকি ৪৬ শতাংশ।

