জানুয়ারিতে করোনার টিকা পাবে বাংলাদেশ: আশা স্বাস্থ্যমন্ত্রীর
উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪২
জানুয়ারিতে বাংলাদেশ করোনার টিকা পাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানিয়েছেন, তিন কোটি ডোজ টিকার মধ্যে থেকে জানুয়ারিতে প্রথম ধাপে আসবে ৫০ লাখ ডোজ। এরপর প্রতি ধাপে ৫০ লাখ করে টিকা আসবে।
রবিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে করোনার টিকাবিষয়ক ক্রয়চুক্তি অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে গত ৫ নভেম্বর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি করে সরকার। সমঝোতা চুক্তি স্বাক্ষরের পরবর্তী ধাপে এই ক্রয় চুক্তি করল সরকার।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চুক্তির অধীনে ছয় মাসে ৫০ লাখ করে মোট তিন কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অক্সফোর্ডের তিন কোটি ডোজ টিকার ক্রয় সংক্রান্ত কাগজপত্র সই হয়েছে। এটা সেরাম ইনস্টিটিউটের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারা ১৫ ডিসেম্বরের মধ্যে এটি পেয়ে যাবে। আশা করছি জানুয়ারি মাসের কোনো এক সময় ভ্যাকসিন পাব। এর আগে অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। দেশের ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের বিষয়ও আছে। আশা করছি, শিগগিরই অনুমোদন পাওয়া যাবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা ও অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রত্যেক ব্যক্তিকে অক্সফোর্ডের এই টিকা দুই ডোজ করে নিতে হবে। এই তিন কোটি ডোজ টিকা বাংলাদেশের দেড় কোটি মানুষকে দেওয়া যাবে। প্রতি ডোজ টিকার দাম পড়বে পাঁচ ডলার বা ৪২৫ টাকা। এই টিকা কেনার জন্য ৭৩৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করেছে সরকার। এসব টিকা মানুষকে দেওয়া হবে বিনামূল্যে।

