প্রথম আলো সম্পাদকের মামলার কার্যক্রম স্থগিত

প্রথম আলো সম্পাদকের মামলার কার্যক্রম স্থগিত

উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩২

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

মতিউর রহমানের মামলা বাতিলের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাই কোর্ট বেঞ্চ রবিবার রুলসহ এ আদেশ দেয়।

মতিউর রহমানের ক্ষেত্রে মামলাটি কেন বাতিল করা হবে না, জানতে চাওয়া হয়েছে ওই রুলে।

হাইকোর্টে মতিউর রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

মোস্তাফিজুর রহমান খান পরে গণমাধ্যমকে বলেন, গত বছর নভেম্বরে কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর পর তার বাবার করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা।
অভিযোগ গঠনের শুনানি শেষে গত ১২ নভেম্বর কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে বাদ দিয়ে বাকি নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
“এই প্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর আমরা মতিউর রহমানের ক্ষেত্রে হাই কোর্টে মামলা বাতিল চেয়ে আবেদন করি। আজকে শুনানি শেষে আদালত রুল জারি করেছে। সেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উনার ক্ষেত্রে আপাতত ছয় মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।”

কোন যুক্তিতে মামলা বাতিল চাওয়া হয়েছে জানতে চাইলে এ আইনজীবী বলেন, “আমাদের বক্তব্য ছিল, মামলার পুলিশ প্রতিবেদনে এই ধরনের কোনো অভিযোগ নাই যে মতিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ধরনের কোনো অভিযোগ নাই যে মতিউর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য সার্বিক দায়িত্বে ছিলেন। এ ধরনের কোনো অভিযোগ নাই যে ঠিকাদার বা ঠিকাদারী প্রতিষ্ঠান অনুষ্ঠানে বিদুৎ সরবরাহের কাজ করছিল, সে ঠিকাদার বা ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে উনার কোনো ভূমিকা ছিল বা অনুষ্ঠানের বিদুৎ সরবরাহের কাজটা উনি তদারকি করেছেন। এই ধরনের কোনো অভিযোগ নেই।

“সুতরাং উনার বিরুদ্ধে যে তর্কিত অপরাধের অভিযোগ আনা হয়েছে, সে অভিযোগ প্রযোজ্য না। সুতরায় উনার বিরুদ্ধে এ মামলাটা চলানোর কোনো যৌক্তিকতা নেই। উনাকে এ মামলা দায় থেকে অব্যাহতি দেওয়া হোক।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading