রাইস’খ্যাত নায়িকা মাহিরা খান করোনাক্রান্ত
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৫২
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বলিউডে শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান।
ভেরিফাইড ইনস্টাগ্রাম একাউন্টে তিনি তার করোনায় আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেন। বর্তমানে তিনি তার নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন বলেও জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই পোস্টে মাহিরা লেখেন, ‘অবশেষে করোনা পজিটিভ। আমি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছি। আশা করছি সবকিছুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গত কয়েকদিন আমার সঙ্গে যাদের দেখা হয়েছে আমি তাদেরকেও হোম আইসোলেশনে যাওয়ার অনুরোধ করছি।
সবার কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, ‘আচ্ছা এই দীর্ঘ হোম আইসোলেশনে কি কি সিনেমা দেখা যেতে পারে? ভক্তরা দয়া করে সাহায্য করুন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার হওয়ার পরেই তার ভক্ত এবং সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেন।
মহিরা খানকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সুপারস্টার’ সিনেমায়। তার পরবর্তী সিনেমা ‘দ্য লিজেন্ড অফ মওলা জট’।

