ইন্ডিয়ার কৃষকদের পাশে ১১ বছরের বালিকা
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:২৮
ইন্ডিয়ার নতুন কৃষি আইন বাতিলের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে কৃষকরা আন্দোলন করে যাচ্ছেন। পরিবারের সঙ্গে ওই আন্দোলনে যোগ দিয়েছেন ১১ বছরের কিশোরী গুরসিমরাত কর।
ইন্ডিয়ার উত্তরের রাজ্য পাঞ্জাবের বাসিন্দা গুরসিমরাতের বাবাও একজন কৃষক। অন্যান্য কৃষকদের সঙ্গে পাঞ্জাব থেকে মিছিল করে গুরসিমরাতের পরিবারও রাজধানী দিল্লির সীমান্তে এসেছেন এবং হাজার হাজার কৃষকের সঙ্গে মিলে সেখানে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন।
গুরসিমরাত পাঞ্জাবের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আন্দোলনের পাশাপাশি গুরসিমরাত পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। সড়কে বসেই চলছে তার লেখাপড়া। খবর বিবিসি।
গুরসিমরাত বলেন, ‘‘আমরা এখানে আমাদের আধিকার আদায়ের লড়াই করতে এসেছি। মোদী সরকার যে কালো আইন বানিয়েছে, যে আইন পাস করেছে তা প্রত্যাহার করে নেওয়ার পরই কেবল আমরা আমাদের বাড়িতে ফিরে যাব।”
গুরসিমরাত তার পড়াশোনার বিষয়ে বলেন, ‘‘দেখুন, লেখাপড়াতো করতেই হবে, লেখাপড়া করা জরুরি। কিন্তু এ সময় আন্দোলন করাটাও জরুরি।”
গুরসিমরাতের মা সুখবীর কর আন্দোলনের মধ্যেও মেয়ের লেখাপড়ার তদারকি করছেন। এছাড়া তার দুই চাচাও আন্দোলন করছেন।
সড়কেই চলছে তাদের রান্না-খাওয়াসহ দৈনন্দিন সব কাজ।
সুখবীর কর বলেন, ‘‘আমরা জুলুমের বিরুদ্ধে এই আন্দোলনে অংশ নিচ্ছি। যেখানেই অন্যায় হবে আমরা লড়াই করব। অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলতেই থাকবে।”
গুরসিমরাতের আশা ঈশ্বরের আশীর্বাদে শিগগিরই কৃষকরা তাদের অধিকার ফিরে পাবেন।

