না ফেরার দেশে বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী এফআর সরকার
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৪৫
হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহ-সভাপতি ও বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী এফআর সরকার (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের মৃত মুনছুর আলী সরকারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এফআর সরকার প্রথম বাংলাদেশি হিসেবে মহাকাশের শূন্য অভিকর্ষ অনুধাবন করেন। দেশে প্রায় ৪৫ বছর ধরে মহাকাশবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে জাতিসংঘের সঙ্গে কাজ করেছেন। এছাড়া শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশ গবেষণা নিয়ে উৎসাহিত করতে কাজ করেন। এজন্য যমুনার কোলঘেঁষা এনায়েতপুরে মহাকাশ ভবন নির্মাণ করেন।
প্রায় দুই যুগ ধরে বিশ্ব মহাকাশ সপ্তাহ পালনে বাংলাদেশের মূল অনুষ্ঠান এনায়েতপুরে উদযাপন করেন তিনি। এছাড়াও সিরাজগঞ্জের এনায়েতপুর থানা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এই জ্যোতির্বিজ্ঞানী।

