চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ করবে সরকার : কাদের

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ করবে সরকার : কাদের

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম নগরীতে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা, তা পূরণ করা হবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামে আমরা অনেক কাজ করেছি। গতকাল আমি কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজের উদ্বোধন করেছি। আশা করছি এক বছরের মধ্যে কর্ণফুলী টানেল নির্মিত হবে এবং দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের-অর্জনের বিশাল দরজা খুলে যাবে। কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামকে সংযুক্ত করবে। চট্টগ্রাম হবে সাংহাই নগরীর মতো ওয়ান সিটি টু টাউন। একদিকে ব্যবসা-বাণিজ্য, অন্যদিকে এগিয়ে যাবে কলকারখানা স্থাপনের কাজ। অপরূপ সাজে সজ্জিত হবে চট্টগ্রাম।

তিনি বলেন,উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক। আমি চট্টগ্রামবাসীকে আশ্বস্ত করতে চাই, শেখ হাসিনার সরকার আপনাদের সঙ্গে আছে। মহিউদ্দিন চৌধুরী, আক্তারুজ্জামান বাবু যে স্বপ্ন দেখেছেন, আমরা চট্টগ্রামকে সেই অপরূপ সাজে সজ্জিত করবো।

এসময় তিনি আগামী সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানান।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading