৮ তরুণীসহ ৯ জনকে খুন, নাম তার ‘টুইটার কিলার’
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:২০
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হতাশা বা আত্মহত্যার ইচ্ছে প্রকাশ করলে যোগাযোগ করে বাসায় নিয়ে যাওয়া হত। তারপর অঙ্গপ্রত্যঙ্গ কেটে খুন করত তাকাহিরো শিরাইশি (৩০) নামের জাপানের এক ব্যাক্তি। এইভাবে একে একে অন্তত ৯ জনকে খুন করে হয়ে যান ‘টুইটার কিলার’।
মঙ্গলবার তাকাহিরোকে ফাঁসির আদেশ দিল টোকিওর একটি আদালত। তাকাহিরোর শিকার ৯ জনের মধ্যে এক জন বাদে সবাই কিশোরী কিংবা তরুণী। বয়স ১৫ থেকে-২৬ এর মধ্যে।
আদালতে খুনের কথা স্বীকার করেছে তাকাহিরো। তবে তার আইনজীবীরা ফাঁসির বদলে কারাদণ্ডের আর্জি জানিয়েছিলেন।
কিন্তু তা নাকচ করে প্রাণদণ্ডের আদেশ দিয়ে বিচারকের বলেন, ৯টি তরতাজা প্রাণ শেষ করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত গুরুতর অপরাধ।
তাকাহিরোর মূল টার্গেট ছিল মানসিকভাবে দুর্বল কিশোরী বা তরুণীরা। সোশ্যাল মিডিয়ায় কেউ আত্মহত্যার ইচ্ছে বা হতাশা প্রকাশ করলেই তাঁদের সঙ্গে টুইটারের মাধ্যমে যোগাযোগ করত তাকাহিরো। তার পর তাঁদের আত্মহত্যার পরিকল্পনায় সাহায্য করবে বা নিজেও তাঁদের সঙ্গে আত্মহত্যা করবে বলে আশ্বস্ত করত। অবশেষে নিজের বাড়িতে ডেকে অঙ্গপ্রত্যঙ্গ কেটে, খুন করত তাঁদের। ২০১৭ সালের অগস্ট থেকে অক্টোবরের মধ্যে এই ভাবে অন্তত ৯টি খুন করে সে। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে যায় পুলিশের হাতে।
টোকিওর আদালতে চূড়ান্ত রায় স্বচক্ষে দেখতে আদালতে ভিড় জমিয়েছিলেন প্রায় সাড়ে ৪০০ মানুষ। তাঁদের মধ্যে ছিলেন নিহতদের পরিজনরা।

