আমেরিকায় মডার্নার ভ্যাকসিন অনুমোদনের সুপারিশ
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:২৭
আমেরিকায় করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার টিকাকে জরুরি অনুমোদন দিতে সুপারিশ করেছে দেশটির একটি বিশেষজ্ঞ প্যানেল।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) ওই প্যানেল ২০-০ ভোটে ১৮ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ব্যবহারে টিকাটিকে ছাড়পত্র দেওয়ার পরামর্শ দেয়।
প্যানেলের এক সদস্য এদিন ভোট দেননি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিশেষজ্ঞদের এ সুপারিশের ফলে এফডিএ শিগগিরই টিকাটিকে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেবে বলে অনুমান পর্যবেক্ষকদের; সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকেই আমেরিকায় এ টিকার প্রয়োগ শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে ৩ লাখেরও বেশি মানুষের মৃত্যু দেখা আমেরিকায় কয়েকদিন ধরেই ফাইজার/বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে।
গত সপ্তাহে একই বিশেষজ্ঞ প্যানেল ফাইজারের এ টিকাকে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করার পরদিনই এফডিএ ভ্যাকসিনটির জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছিল।
আমেরিকার নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো চলতি সপ্তাহে মডার্নার ভ্যাকসিনকে নিরাপদ ও ৯৪% কার্যকর বলার পরই টিকাটি নিয়ে বিশেষজ্ঞদের এ সুপারিশ এলো।

