মোবাইল অ্যাপে যুক্ত হলো বাংলাদেশ বেতার
উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:২৮
বাংলাদেশ বেতারের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বাংলাদেশ বেতার’ অ্যাপ উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এর মধ্য দিয়ে ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করা এই সংস্থাটির সকল সম্প্রচার এখন সারাবিশ্বে মোবাইলে শোনার দিগন্ত উন্মোচন হলো।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব খাজা মিয়া, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। এ সময় বেতারের সকল কর্মকর্তা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যের আগে ‘বাংলাদেশ বেতার’ অ্যাপস এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের দেশব্যাপী সম্প্রচার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

