শৈত্যপ্রবাহ অব্যাহত, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস
উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:০৭
দেশের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বয়ে চলা মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে ভোগান্তি বেড়েছে জনজীবনে। তাপমাত্রা সামান্য বাড়লেও মৃদু থেকে মাঝারি মাত্রার এ শৈত্যপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (২০ ডিসেম্বর) আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, রংপুর বিভাগ এবং গোপালগঞ্জ, চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী, পাবনা, নওগাঁর বদলগাছি, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ভোলা ও বরিশালে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭-১০ ডিগি সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে।
শাহীনুল ইসলাম আরও বলেন, তাপমাত্রা সামান্য বাড়ছে। তবে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরও দুয়েকদিন। তারপরে পরিস্থিতির উন্নতি হবে আশা করি।

