করোনায় বিশ্বজুড়ে মৃত্যু প্রায় ১৭ লাখ
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৩০
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী সোমবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯২ হাজার ৫৭৮ জনে।
জেএইচইউ এর তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ৭৮১ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৭৮ লাখ ৮৪ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ৩ লাখ ১৭ হাজার ৬৬৭ জন মৃত্যুবরণ করেছেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দুটি করোনার ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে। ফাইজারের পর গত সপ্তাহে মর্ডানার ভ্যাকসিনও অনুমোদন দেয় দেশটির কর্তৃপক্ষ।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়া রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।
ইন্ডিয়ায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩১ হাজার ছড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৭৭ জনের। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭২ লাখ ৩৮ হাজারেরও বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৬৪ জনের।

