বড়দের ক্রিকেটে ১৪ বছরের কেটের বাজিমাত
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৩৪
১৪তম জন্মদিন পূর্ণ হয়েছে এক মাস ১৭ দিন আগে। এই বয়সেই কেট চান্দলার জায়গা করে নিলেন রেকর্ড বইয়ে। ওয়েলিংটন মহিলা দলের “লিস্ট এ” ক্রিকেটে ৫ উইকেট নেন তিনি।
সোমবার (২১ ডিসেম্বর) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডে নারীদের ওয়ানডে প্রতিযোগিতায় ক্যান্টারবেরির বিরুদ্ধে তিনি ৫ উইকেট নিলেন ৫১ রানের বিনিময়ে।
লেগস্পিনার চান্দলার এখনও স্কুল পড়ুয়া। এর আগে লিস্ট এ ক্রিকেটে কেবল দুটো ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে ডিসেম্বরের গোড়ায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস মহিলা দলের বিরুদ্ধে ৩৯ রানের বিনিময়ে নিয়েছিলেন ৩ উইকেট।
ক্যান্টারবেরি ওমেন্সের বিরুদ্ধে তিনি “লিস্ট এ” ক্রিকেটে খেলছিলেন কেরিয়ারের তৃতীয় ম্যাচ। আর সেই ম্যাচেই নিলেন ৫ উইকেট। তার দাপটে ৪৬.১ ওভারে ১৫৫ রানে শেষ হয়ে গেল ক্যান্টারবেরি। ২ উইকেট হারিয়ে ৩২.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল চান্দলারের দল।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে ওয়েলিংটন ওমেন্স দলের লিস্ট এ ইতিহাসে চান্দলারের ৪১ রানে ৫ উইকেট সেরা বোলিংয়ের তালিকায় ১৪ নম্বরের রয়েছে।

