দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪০
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৩১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭০ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ২ হাজার ১৮৩ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির।
গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৪০৯টি। অ্যান্টিজেন পরীক্ষাসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৬৯টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৩৮ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬.২৪ শতাংশ। মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমকি ৫৬ শতাংশ।

