সারার কবিতাকে ‘জঘন্য’ বললেন অক্ষয়
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৩৫
কবিতা শোনালেন সারা আলি খান। মাথা ধরে দাঁড়িয়ে পড়লেন অক্ষয় কুমার! কোথায় নায়িকার কবিতা শুনে তাঁকে প্রশংসায় ভরিয়ে দেবেন, তা না করে উল্টে তাঁর কবিতাকে মুখের উপর ‘জঘন্য’ বলে দিলেন অক্ষয়। কোনও ছবির দৃশ্যের বর্ণনা মনে হচ্ছে, তাই তো? না। সত্যিই হয়েছে এমনটা।
তাজমহলের সামনে মাথায় মোগল যুগের মুকুট পরে নবাবি মেজাজে দাঁড়িয়েছিলেন অক্ষয়। তাঁকে দেখেই সারা কবিতা বানিয়ে ফেললেন। হিন্দিতে ছন্দ মিলিয়ে বললেন, ‘তাজমহল ওখানে, মিস্টার কুমার, ওখানে।’ সারার এই গুপ্ত প্রতিভা জানার পরেই মাথায় হাত উঠল অক্ষয়ের। অক্ষয় স্পষ্ট করেই বললেন, এর থেকে জঘন্য কবিতা এর আগে শুনিনি।
অভিনেতার এই কথা শুনেই মুখ কাচুমাচু ‘কবি’ সারা আলি খানের। সঙ্গে সঙ্গে অক্ষয় তাঁকে উপদেশ দিলেন চেষ্টা চালিয়ে যেতে। তা হলেই এক দিন ভাল কবিতা লিখবেন সারা। ব্যস! একগাল হাসি ফিরে এল অভিনেত্রীর মুখে। এই মজার মুহূর্তই পুরোটা ক্যামেরাবন্দি করে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন সারা।
‘আটরাঙ্গি রে’ ছবির জন্য আপাতত আগ্রাতে শ্যুটিং করছেন সারা, অক্ষয় এবং ধনুশ। সোমবার শাহজাহানের পোশাকে অক্ষয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেয়েছে। সারাকে দেখা গিয়েছে গোলাপি রঙের ঘাগরা চোলিতে। শোনা যায়, শ্যুটিংয়ের মাঝে দুষ্টুমি করে সকলকে মাতিয়ে রাখতে অক্ষয়ের জুড়ি মেলা ভার। এ বার সেই কায়দা বোধহয় অক্ষয়ের থেকেই রপ্ত করলেন সাইফ-কন্যা। সূত্র-আনন্দবাজার

