পরিবারসহ করোনায় আক্রান্ত আবির
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:২৫
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত। তবে তিনি একা নন। সংক্রমণ ছড়িয়েছে তাঁর পরিবারেও। এই খবর প্রকাশ্যে এনেছেন আবিরের বাবা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) তাঁদের নাটর পুনরায় রুবি রায় অ্যাকাডেমিতে হওয়ার কথা ছিল। কিন্তু সেটি বাতিল হয়েছে। ফাল্গুনী চট্টোপাধ্যায় লিখেছেন, অ্যাকাডেমিতে ২২/১২ র “পুনরায় রুবী রায়” শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারণে।
সম্প্রতি আবির নিজেই জানিয়েছেন যে তিনি করোনা আক্রান্ত। আবির পোস্ট করেন, আবার প্রমাণ হল যে জীবনে কোনও কিছুরই নিশ্চয়তা নেই। আমি যে প্রোডাকশনের সঙ্গে কাজ করেছি সেখানে সব রকমের সাবধানতা অবলম্বন করা হয়েছে। আমি ও আমার গোটা টিম সতর্ক থেকেছি। কিন্তু আমার রিপোর্ট পজিটিভ আসে।
আবির জানিয়েছিলেন তিনি পরিবারের থেকে দূরত্ব বজায় রাখছেন এবং নিজেকে আইসোলেশনে রেখেছেন। কিন্তু এরই মধ্যে সংক্রামিত হয়েছে তাঁর গোটা পরিবার।
তিনি লিখেছিলেন, অদ্ভুতভাবে আমি সম্পূর্ণ সুস্থ। শুধু খাবারের স্বাদ পাচ্ছি না। নিজেকে পরিবারের থেকে আইসোলেট করে রেখেছি। পরিবারের সদস্যরাও খুব শীগগির টেস্ট করাবে। আমি শুধু এটাই প্রার্থনা করছি যে সকলে যেন সাবধানে থাকে। বিগত দিনে আমি যাদের সংস্পর্শে এসেছি তাদের অনুরোধ করছি টেস্ট করিয়ে নেওয়ার জন্য সাবধান থাকার জন্য। সকলের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।

