নারায়ণগঞ্জে কিশোরের লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩৩
নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংহপুর এলাকা থেকে অজ্ঞাতনামা (১৭) এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানা পুলিশ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা, ওই কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নরসিংহপুর থেকে ১৬ থেকে ১৭ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলাসহ শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের সময় যুবকটির পরনে ছিল লাল চেক ফুল হাতা শার্ট ও জিন্স প্যান্ট।
তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া পর তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। বিকেল ৫টা পর্যন্ত নিহত কিশোরের কোনও পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

