পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে ভোট দিলেন ৯০ শতাংশ ভোটার
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, আপডেট ১৯:৩৫
ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম ধাপের নির্বাচনে ৯০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হয়।
দেশটির নির্বাচন কমিশন এক বিবৃতিতে বলেছে, বিকেল ৫টা পর্যন্ত ৮৯ দশমিক ৯৩ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। যারমধ্যে সবচেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে দক্ষিণ দিনাজপুরে। সেখানকার ৯৩ দশমিক ১২ ভোটার ভোট দিয়েছেন।
পশ্চিমবঙ্গের এবারের বিধানসভার নির্বাচন দুই ধাপে হচ্ছে। রাজ্যটির ২৯৪টি আসনের মধ্যে আজ ভোট হচ্ছে ১৫২টি আসনে। যারমধ্যে ৮০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ধারণা করা হচ্ছে। এগুলোতে ভোটার আছেন সাড়ে তিন কোটিরও বেশি।
দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল। কিন্তু ওইদিনই ফলাফল ঘোষণা করা হবে না। রাজ্যটিতে আগামী পাঁচ বছরের জন্য কে ক্ষমতায় আসবে সেটি জানা যাবে ৪ মে।
পশ্চিমবঙ্গে সর্বশেষ ২০২১ সালে নির্বাচন হয়। সেবার মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের ২১৫টিতে একাই জয় পেয়েছিল। অপরদিকে প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছিল ৭৭টি আসন।
ওইবারের নির্বাচনের মাধ্যমে তৃণমূল কংগ্রেস টানা তৃতীয়বার রাজ্যটির ক্ষতায় আসে। সর্বশেষবার বিজেপি খুব বেশি আসন না পেলেও; এবার তারা ক্ষমতায় আসার পরিকল্পনা করছে। যার অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে এসে বিজেপির হয়ে প্রচারণা চালিয়েছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ইউডি/রেজা

