দাপুটে রূপে ফিরেছে বার্সেলোনা

দাপুটে রূপে ফিরেছে বার্সেলোনা

উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:০৭

বার্সেলোনাকে মৌসুমের শুরু থেকে অ্যাওয়ে ম্যাচে খারাপ পার্ফমেন্সের জন্য ভুগতে হচ্ছিল, অবশেষে যেন সেই ব্যর্থতা পিছু ছাড়লো। রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলল তারা।

অধিনায়ক লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে দুর্দান্ত এক জয় পেল বার্সেলোনা।

অবনমন অঞ্চলের দল ভাইয়াদলিদের মাঠে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে নিজেদের খুঁজে ফেরা বার্সেলোনা। ক্লেমোঁ লংলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট।

প্রথমার্ধের পুরোটা আধিপত্য করা বার্সেলোনা পুরো ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে মোট ২১টি শট নেয়। সুযোগ নষ্ট না হলে এবং ভাগ্য বিরূপ না হলে ব্যবধান হতে পারতো অনেক বেশি। বার্সেলোনা একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলে প্রতিপক্ষকে।

৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলে যেন দেখা মেলে সেই পুরনো বার্সেলোনার। পাসিং ফুটবলের পসরা সাজিয়ে ওঠা আক্রমণে তিন জনের মধ্যে ঘিরে থাকা অবস্থায় দুর্দান্ত এক সাইড-ফুট ফ্লিকে মেসি পাস দেন ডান দিকে, ওখানে সের্জিনো দেস্ত প্রথম ছোঁয়ায় ছোট ডি-বক্সে নিচু ক্রস বাড়ান আর পা বাড়িয়ে নিখুঁত টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাথওয়েট।

প্রতিপক্ষের টানা আক্রমণের মুখে প্রথমার্ধের অধিকাংশ সময়ে ভাইয়াদলিদের সব খেলোয়াড়কে নিজেদের ডি-বক্সের আশেপাশে ব্যস্ত সময় কাটাতে হয়।

এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় পেলেকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে থাকা মেসি সুযোগ পান ৫৮তম মিনিটে। কাছের পোস্ট ঘেঁষে নেওয়া তার শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক।
তার অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি। ৬৫তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি। পেদ্রির ব্যাক হিলে ডি-বক্সে বল পেয়ে প্রথম ছোঁয়ায় ডিফেন্ডারদের বাধা এড়িয়ে নিখুঁত শটে ঠিকানা খুজে নেন তিনি।

ক্যারিয়ারের শুরু থেকে কাতালান ক্লাবটির হয়ে খেলা আর্জেন্টাইন তারকার এটি বার্সেলোনার জার্সিতে ৬৪৪তম গোল। সান্তোসের হয়ে ফুটবল কিংবদন্তি পেলে করেছিলেন ৬৪৩ গোল।

দ্বিতীয় অর্ধে প্রতি-আক্রমণে কিছুটা পাল্টা জবাব দেওয়া ভাইয়াদলিদ ৭২তম মিনিটে মুহূর্তের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পেয়েছিল। কিন্তু মার্ক-আন্ড্রে টের স্টেগেনের বাধা পেরুতে পারেনি। ওরিয়ানার জোরালো শট ঠেকানোর পর পেরেসের ফলোআপ শটও দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক।

শেষ দিকে বদলি নামা ফিলিপে কৌতিনিয়োর নির্ধারিত সময়ের শেষ মিনিটে নেওয়া জোরালো শট পোস্টের নিচে বাধা পায়। দুই মিনিট পর মেসির শটও পোস্টে বাধা পেলে ব্যবধান আর বাড়েনি।

গত ১ অক্টোবরের পর অ্যাওয়ে ম্যাচে প্রথম জয় পেল বার্সেলোনা। মাঝের চারটি অ্যাওয়ে ম্যাচের তিনটিতেই হেরেছিল তারা। গেতাফে, আতলেতিকো মাদ্রিদ ও কাদিসের বিপক্ষে। ড্র করেছিল আলাভেসের মাঠে।

১৪ ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বার্সেলোনা।

দিনের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদ ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading