করোনাবিধি লঙ্ঘনের অভিযোগ ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫৯
পারিবারিক সফরের সময় করোনা বিধিনিষধ লঙ্ঘনের অভিযোগ উঠেছে ব্রিটিশ রাজপরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে। সফরে সামাজিক দূরত্বের নিয়ম ভঙ্গ এবং মাস্ক না পরায় এ অভিযোগ উঠে।
সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম এবং ডাচেস অব কেমব্রিজ ক্যাথরিন। সঙ্গে ছিল প্রিন্স উইলিয়ামের চাচা এডওয়ার্ডের পরিবারের সদস্যরা।
ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যেই সেদিন স্যান্ড্রিংহামের পার্কে গিয়েছিলেন পরিবারটির ছয় জনেরও বেশি সদস্য। অথচ ওই এলাকায় বর্তমানে টায়ার ২ লকডাউন কার্যকর রয়েছে।
এই লকডাউনে বাইরে একসঙ্গে ছয় জনের বেশি ব্যক্তির জমায়েতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও দফায় দফায় লোকজনকে এ ব্যাপারে সতর্ক করা হয়।
স্যান্ড্রিংহামের ওই পার্কটির কর্তৃপক্ষ দফায় দফায় লোকজনকে করোনাবিধি মেনে চলার নির্দেশনা দিয়ে আসছে। ছয় জনের কম সদস্যের দলে বিভক্ত হয়ে বেড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এগুলো কার্যকরে হিমশিম খেতে হয় তাদের। এর মধ্যেই রাজপরিবারের সদস্যদের বিরুদ্ধে করোনা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ উঠলো।
পার্কটির একটি সূত্র সিএনএন-এর কাছে দাবি করেছে, দেড় ঘণ্টার ঘোরাফেরায় দুই পরিবারকে আলাদা রাখাটা কঠিন ছিল।
এদিকে ব্রিটেনে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

