ব্রিটেন থেকে আসলে ৭ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:০৪
করোনাভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট ছাড়া ব্রিটেন থেকে আসা যাত্রীদের সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আশকোনা কোয়ারেন্টিন সেন্টারের জিন এক্সপার্ট টেস্ট এবং ভ্রাম্যমাণ গবেষণাগার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্রিটেনে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটি বাংলাদেশ যেন ছড়াতে না পারে তার সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের এই নতুন ধরনটি সম্পর্কে আমরা জেনেছি। আমরা নির্দেশনা দিয়েছি যারা ইউকে থেকে আসবে তাদের সাতদিন কোয়ারেন্টিনে রাখতে হবে। সাতদিন কোয়ারেন্টিন শেষে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরে তারা বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিন করবেন।’
এসময় তিনি জানান, বিমানবন্দরে ব্রিটেন থেকে আসা যাত্রীদের জন্য ইমিগ্রেশনে আলাদা লাইন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
‘সেখানে এসে তারা আলাদা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ সারবেন। আমরা চাই না নতুন ধরনের করোনাভাইরাস বাংলাদেশে আবার ছড়িয়ে পড়ুক।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বন্ধ হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, ‘আমরা বসে নেই। ফ্লাইট বাতিল করা হবে কিনা তা আলোচনায় আছে। আমরা অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিব। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে এ আলোচনা হচ্ছে।’

