আহমদ শফীর স্বাভাবিক মৃত্যুকে ঘিরে মিথ্যাচার হচ্ছে: দাবি বাবুনগরীর
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৫০
হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী। বুধবার (২৩ ডিসেম্বর) হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেছেন, ‘আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক ছিল। কিন্তু আমরা লক্ষ করছি, তার স্বাভাবিক মৃত্যুকে নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে নির্জলা মিথ্যাচার করে যাচ্ছে।
হজরতের ইন্তেকালের তিন মাস পর ওই কুচক্রী মহল তার মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে একটি মিথ্যা মামলাও দায়ের করেছে। দায়েরকৃত মামলাটি রাজনৈতিক চক্রান্ত এবং দেশের স্থিতিশীল অবস্থা বিনষ্ট করার দুরভিসন্ধি বলে আমরা মনে করছি। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু নিয়ে ‘মিথ্যাচার’, হাটহাজারী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ ও হেফাজত নেতাদের জড়িয়ে দায়ের করার মামলা প্রত্যাহারের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. নরুল আফছার আজহারী।

