দেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে টিকা পেয়েছে ২ কোটি ৮ লাখ শিশু
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:৪০
দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৬ মাস থেকে ৫ বছর বয়সী দুই কোটি আট লাখ শিশুর কাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ পরিপূরক নিয়ে পৌঁছেছে বলে বুধবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউনিসেফ। কোভিড-১৯-এর কারণে উদ্ভূত চ্যালেঞ্জ সত্ত্বেও অক্টোবরে অনুষ্ঠিত দুই সপ্তাহের এ ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ পূরণ হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় পুষ্টি সেবা এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ক্যাম্পইনের আওতায় টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করে ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কিত তথ্য প্রকাশ করে।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি টোমো হোযুমি বলেন, ‘এটি বাংলাদেশের শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিজয়। বিস্তৃত পরিসরে টিকাদানের পাশাপাশি স্বাস্থ্যকর্মী, শিশু ও তাদের বাবা-মায়েদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে এ ক্যাম্পেইন নেয়া হয়।’
ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ সরকার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটি পরিচালনা করে। যা কোভিড-১৯-এর প্রেক্ষাপটে নিরাপদে টিকাদান কার্যক্রম পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে নির্দেশনা ও যোগাযোগ উপকরণ তৈরিতে সহায়তা দেয়। এছাড়াও, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের জন্য ৩ লাখ ৬০ হাজার মাস্ক সরবরাহ করে ইউনিসেফ।

