দৈনিক লেনদেনে ২০০ কোটি টাকা ছাড়াল নগদ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৩০
মোবাইল ব্যাংকিং সেবা নগদের দৈনিক লেনদেন ২০০ কোটি টাকা অতিক্রম করেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) হোটেল লা ভিঞ্চিতে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন টিআরএনবি আয়োজিত ‘ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বর্তমান পরিস্থিতি এবং প্রযুক্তিগত উদ্ভাবন’ শীর্ষক কর্মশালা উদ্বোধন করে ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মন্ত্রী এ তথ্য জানান।
ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেন, “গত এক বছরে নগদের দৈনিক লেনদেন দ্বিগুন হয়েছে। এ খাতে প্রতিযোগিতা তৈরি করেছে নগদ। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা নয়। অল্প সময়ে তৃণমূল পর্যন্ত নেটওয়ার্ক গড়ে তোলা বড় চ্যালেঞ্জ ছিল নগদের। নগদের সেবার আওতা বৃদ্ধি করতে পোস্ট অফিসগুলোকে কাজে লাগানোর পরিকল্পনা চলছে।”
এছাড়া ভবিষ্যতে বিদেশ থেকে টাকা পাঠানো, আউটসোর্সিং খাতে টাকা নিয়ে আসাসহ অন্যান্য সেবা শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে দৈনিক ১০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক অতিক্রম করেছিল ডাক বিভাগের মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি।

