ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী নয় বাংলাদেশ: রয়টার্স
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:০০
যুক্তরাষ্ট্রের সমর্থনে মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক চালু করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। চারটি মুসলিম দেশ ইতিমধ্যে ইসরায়েলিদের সঙ্গে সম্পর্ক গড়েছে। আগামী জানুয়ারিতে আরও দু’টি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে বলে দাবি করেছেন এক ইসরায়েলি মন্ত্রী। তবে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশ এধরনের সম্পর্ক গড়তে মোটেও আগ্রহী নয়। খবর রয়টার্সের।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে রয়টার্স বলছে, ‘বাংলাদেশেরও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ নেই। আমাদের অবস্থান একই রয়েছে’।
রয়টার্সের গত বুধবারের(২৩ ডিসেম্বরের) প্রতিবেদনটিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
তবে গত সেপ্টেম্বরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিবিসি বাংলা’কে বলেছিলেন, তাদের সরকার নৈতিকতার জায়গা থেকে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে রয়েছে এবং থাকবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের জন্মলগ্ন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিষ্কারভাবে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন, আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে রয়েছি। আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কবিহীন পথচলা অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত, গত কয়েক মাসে হোয়াইট হাউসের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে চার মুসলিম দেশ- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। এখন পঞ্চম দেশের সন্ধানে রয়েছে ওয়াশিংটন-জেরুজালেম। বিশেষ করে এশিয়ার কোনও মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী হয়ে উঠেছে ইসরায়েল।

