ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে ব্রিটেন-ইইউ

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে ব্রিটেন-ইইউ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:২০

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয়েছে। বাণিজ্য আলোচনা নিয়ে কয়েক মাসের বিরোধ ও অচলাবস্থার পর দু’পক্ষ চুক্তিতে পৌঁছল।

গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পর শুরু হয় ১১ মাসের ‘ট্রানজিশন পিরিয়ড’। এ সময়ের মধ্যে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে দুই পক্ষ ম্যারাথন আলোচনা চালিয়ে গেলেও এতদিন সুখবর মেলেনি।

অবশেষে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিন খুবই ‘ভাল এবং ভারসাম্যপূর্ণ’ একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন। চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে ব্রিটেন সরকারও।

ভন ডার লিন সাংবাদিকদের বলেছেন, “চুক্তিতে পৌঁছানোর পথ খুবই দীর্ঘ এবং কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত আমরা একটা ভাল চুক্তিতে পৌঁছাতে পেরেছি। এ চুক্তি সুষ্ঠু এবং ভারসাম্যপূর্ণ।”

ব্রিটেন সরকার বলেছে, “আমরা আমাদের অর্থ, সীমানা, আইন, বাণিজ্য এবং মাছ ধরার অধিকার ফিরে পেয়েছি।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ডাউনিং স্ট্রিট থেকে নিজের একটি ছবি টু্ইট করেছেন। তাতে দুই হাত উঁচিয়ে বুড়ো আঙুল দেখিয়ে জয়ের উচ্ছ্বাসই প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লেখা, “চুক্তি সম্পন্ন হয়েছে।”

চুক্তির প্রশংসায় জনসন বলেছেন, এর আওতায় বিভিন্ন কোম্পানি এবং রপ্তানীকারকরা ইউরোপীয় বন্ধু দেশগুলোর সঙ্গে আরও বেশি ব্যবসা করার সুযোগ পাবে।

বাণিজ্য আলোচকদলের রাতভর আলোচনার পর চুক্তির বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত হয়েছে। চুক্তির বিস্তারিত বিবরণ এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

লন্ডন এবং ব্রাসেলসে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য দু’পক্ষের হাতে ১ সপ্তাহ সময় আছে বলে জানিয়েছে বিবিসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading